দৈনিক সংবাদ দিগন্ত

বকেয়া নিয়ে রামগোপাল ভার্মার বিরুদ্ধে আইনি নোটিশ প্রযোজনা সংস্থার

দীর্ঘ এক দশকের বেশি সময় আগের একটি চুক্তিকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। তাঁর কাছে ২৯ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার রুপি বকেয়া পাওনা দাবি করেছে প্রযোজনা সংস্থা ‘অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড’। একই সঙ্গে তাঁর সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে প্রযোজক, পরিবেশক, সম্প্রচার সংস্থা ও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর রামগোপাল ভার্মাকে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থাটি। এতে ৩০ অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সংস্থার দাবি, সুদসহ মোট পাওনার পরিমাণ ২৯ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৮০ লাখ টাকার বেশি। এর মধ্যে সুদের পরিমাণই ১১ কোটি ৩৮ লাখ রুপির বেশি। প্রযোজনা সংস্থার দাবি, ২০১০ সালের ১০ এপ্রিল রামগোপাল ভার্মার সঙ্গে তাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত চুক্তিটি কার্যকর ছিল।আরও পড়ুন,শরিফুল রাজের কাছে শুটিং শিডিউল চেয়ে আইনি নোটিশপ্রতিষ্ঠানটির অভিযোগ, চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু চলচ্চিত্রে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার কিংবা সহপ্রযোজক হিসেবে কাজ করার আগে তাদের কাছ থেকে লিখিত অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু রামগোপাল ভার্মা সেই শর্ত অনুসরণ করেননি। এ কারণে তাঁর কাছে বকেয়া অর্থ দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে রামগোপাল ভার্মার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চলচ্চিত্রের স্বত্ব কেনা, সম্প্রচার বা স্ট্রিমিংয়ের মতো ব্যবসায়িক চুক্তি করার আগে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রযোজনা সংস্থাটি। চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ না হলে ‘কনট্রাকচুয়াল লিয়েন’ বা চুক্তিগত অধিকার প্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে এ বিষয়ে রামগোপাল ভার্মার বক্তব্য বা আইনি বিরোধের পরবর্তী অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বকেয়া নিয়ে রামগোপাল ভার্মার বিরুদ্ধে আইনি নোটিশ প্রযোজনা সংস্থার