ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে আজ।২০১৯ সালে আলোচিত এই হত্যাকাণ্ডে বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে হওয়া ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ রায় দেবেন হাইকোর্ট।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আর আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনিরসহ অন্য আইনজীবীরা।আরও পড়ুন, দুপুরের আগেই ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে হাওয়া২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।মামলাটি উচ্চ আদালতে আসার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিল শুনানিকে অগ্রাধিকার দিতে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়।এখন সবার নজর হাইকোর্টের আজকের রায়ের দিকে—বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি রায়ে আসবে কোনো পরিবর্তন, তা জানা যাবে আদালতের সিদ্ধান্তের পর।