দৈনিক সংবাদ দিগন্ত

রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু ঘিরে প্রশ্ন: সময়মতো উন্নত চিকিৎসা মিলল না কেন?

পটুয়াখালীর রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে নিবিড় গাজীর জ্বর দেখা দেয়। রাতে তার ডায়রিয়া ও বমি শুরু হলে সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ৯টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।নিবিড় গাজীর পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তাদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।নিবিড়ের বাবা মজিবর গাজী বলেন, রোববার সকালে আমার ছেলের জ্বর আসে। পরে রাতে ডায়রিয়া ও বমি শুরু হলে সোমবার সকালে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সকাল ৯টার দিকে ভর্তি করা হয়। প্রথমে চিকিৎসক বলেন তেমন কোনো সমস্যা নেই। কিন্তু মৃত্যুর ১০-১৫ মিনিট আগে চিকিৎসক ডা. নোমান পারভেজ আমার স্বাক্ষর নিয়ে পটুয়াখালী নেওয়ার কথা বলেন। ততক্ষণে আমার ছেলে মারা গেছে।”আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানাএ বিষয়ে জানতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, রোগীর ডায়রিয়া অত্যন্ত তীব্র ছিল। তিনি বলেন, রোগী প্রায় ৭-৮ দিন ধরে অসুস্থ ছিল বলে জানা গেছে। হাসপাতালে আনার সময় তার অবস্থা খুব খারাপ ছিল। স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু শরীরে পানি ও লবণের মারাত্মক ঘাটতি থাকায় ওষুধ কাজ করছিল না।”তিনি আরও বলেন, রোগীকে শুরু থেকেই অন্যত্র রেফার করার কথা বলা হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে নিতে পারেননি। তাই বন্ডসই রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।” এদিকে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী নিবিড় গাজীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছেন যে সঠিক চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে।আরও পড়ুন, রংপুরে মুকুলে ছেয়ে গেছে আমগাছ, চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনাস্থানীয়দের অভিযোগ, ২০১২ সালে রাঙ্গাবালী উপজেলা প্রতিষ্ঠার পর ১৪ বছর পার হলেও সেখানে এখনো একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়নি। ফলে চিকিৎসা নিতে স্থানীয়দের নদী পেরিয়ে গলাচিপা বা পটুয়াখালী যেতে হয়। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে এতে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে। এলাকাবাসীর দাবি, দ্রুত রাঙ্গাবালীতে একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা না হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও ঘটতে পারে।

রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু ঘিরে প্রশ্ন: সময়মতো উন্নত চিকিৎসা মিলল না কেন?