দৈনিক সংবাদ দিগন্ত

অক্টোবরে পণ্য রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯ শতাংশ

দেশের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তৈরি পোশাকসহ কয়েকটি খাতের ইতিবাচক পারফরম্যান্সের কারণে চলতি বছরের অক্টোবরে পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৩৯৯ কোটি মার্কিন ডলার। গত বছরের অক্টোবরে এ আয় ছিল ৩৮২ কোটি ডলার। রোববার (১ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। ইপিবির হিসাবে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭০৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬১৩ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। অর্থবছরের প্রথম চার মাসে এ খাত থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ২৯৯ কোটি ডলারের চেয়ে ৫ দশমিক ৮২ শতাংশ বেশি। এর মধ্যে নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ এবং ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। একক মাসের হিসাবেও পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবরে এ খাত থেকে আয় হয়েছে ৩১৬ কোটি ডলার। গত বছরের একই মাসে আয় ছিল ৩০১ কোটি ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯০ শতাংশ।আরও পড়ুন,বাংলা কিউআরে চালু হলো নতুন সেবাপোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটপণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানিতেও প্রবৃদ্ধি হয়েছে। প্রথম চার মাসে চামড়া ও চামড়াজাত পণ্যে আয় হয়েছে ৪৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৭ শতাংশ বেশি। পাট ও পাটপণ্যে আয় ২৭ কোটি ডলার থেকে বেড়ে ৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে; প্রবৃদ্ধি ২৪ দশমিক ৮৮ শতাংশ। তবে কৃষিপণ্য, প্লাস্টিক, হিমায়িত ও তাজা মাছের রপ্তানি আয় কমেছে। দেশভিত্তিক হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি আয় হয়েছে ৩৩৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫১ শতাংশ বেশি। যুক্তরাজ্য দ্বিতীয় বৃহত্তম বাজার। এরপর রয়েছে জার্মানি ও স্পেন। স্পেনের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। এদিকে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও উদীয়মান বাজারেও রপ্তানি বাড়ছে। এ সময়ে তুরস্কে রপ্তানি আয় হয়েছে ২৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ১৫ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্য বেশি। ভারতের বাজারেও রপ্তানিতে ইতিবাচক ধারা রয়েছে।

অক্টোবরে পণ্য রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯ শতাংশ