পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিকদের দাবি পূরণে বোর্ড গঠনের পর তাঁদের রাস্তা ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর তিনি এ আহ্বান জানান। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে প্রধান করে বোর্ডটি গঠন করা হয়েছে। শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। মজুরি বোর্ড গঠনের পরও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। আরও পড়ুন,গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করল সরকারতাঁর দাবি, শ্রমিকদের আন্দোলনের পেছনে বাইরের ইন্ধন থাকতে পারে। ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি ও বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে কাজ করবে সরকার। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াও নিশ্চিত করতে হবে। এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠকে পোশাকশ্রমিকদের মজুরি ও অন্যান্য দাবি নিয়ে আলোচনা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।