অধিনায়ক তপু বর্মনের চোট, প্রথমার্ধে একের পর এক গোলের সুযোগ নষ্ট—সব বাধা পেরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বদলি হিসেবে মাঠে নেমে দলের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। জাতীয় দলের হয়ে চার বছর পর গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড। তাঁর একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যান অধিনায়ক তপু বর্মন। ওয়ার্ম-আপের সময় পেশির চোটে মাঠে নামতে না পারায় নেতৃত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকেও এ ম্যাচে পায়নি বাংলাদেশ। কোচ টমাস ডুলির একাদশে ছিল চমক। রাইটব্যাক বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগের মূল স্ট্রাইকার হিসেবে খেলান তিনি। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। সপ্তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো। এরপর রাকিব হোসেনের ক্রসে হেডের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। বিরতির আগেও একাধিক সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। এ সময় ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল স্বাগতিকরা।আরও পড়ুন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ক্রিশ্চিয়ানো রোনালদোদ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ৬৪ মিনিটে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে সোহেল রানা জুনিয়র ও মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে নামান কোচ ডুলি। শেষ পর্যন্ত এই পরিবর্তনই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ৬৮ মিনিটে জায়ান আহমেদের লং বল থেকে রাকিব হোসেন হেড করেন। শমিত শোমের ফিরতি হেড ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে ইব্রাহিমের সামনে আসে। বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে গোল করেছিলেন ইব্রাহিম। দীর্ঘ চার বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে গোলের দেখা পেলেন তিনি। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি ভুটান। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তবে জয় পেলেও আক্রমণভাগের দুর্বলতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। ভুটানের বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল করতে পেরেছে বাংলাদেশ। স্বীকৃত স্ট্রাইকারের অভাবও ম্যাচে স্পষ্ট হয়েছে। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী যোগ দিলে আক্রমণভাগে পরিবর্তন আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।