তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়। সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।আরও পড়ুন, এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ এই হিসাবের ভিত্তিতে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সিপিডি বলছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক ও শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা দরকার, যাতে শ্রমিকদের জীবনযাত্রার বাস্তব ব্যয় এবং পোশাকশিল্পের অর্থনৈতিক সক্ষমতা দুই দিকই গুরুত্ব পায়।সিপিডির প্রস্তাব অনুযায়ী, আলোচনার মাধ্যমে নির্ধারিত মজুরি কাঠামো শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।