বিশ্বজুড়ে কোটি মানুষের শৈশবের সঙ্গী জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউসের ৯৮তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। ১৯২৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলোনি থিয়েটারে মুক্তি পেয়েছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টিমবোট উইলি’। আর এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে মিকি মাউস ও মিনি মাউসের। যদিও মিকি মাউসকে নিয়ে প্রথম কার্টুন তৈরি হয়েছিল এরও আগে। ১৯২৮ সালের মে মাসে নির্মিত হয় ‘প্লেন ক্রেজি’। এরপর তৈরি হয় ‘দ্য গ্যালোপিন গাউচো’। তবে চলচ্চিত্র দুটি শুরুতে পরিবেশনার সুযোগ পায়নি। পরে শব্দযুক্ত অ্যানিমেশন তৈরির পরিকল্পনা থেকে নির্মিত হয় ‘স্টিমবোট উইলি’। এটিই প্রথম মুক্তি পেয়ে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে মিকি মাউসকে। মিকি মাউসের স্রষ্টা হিসেবে পরিচিত ওয়াল্ট ডিজনি। চরিত্রটির নকশা ও অ্যানিমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যানিমেটর ইউবি আইওয়ার্কস। ডিজনির আগের জনপ্রিয় চরিত্র অসওয়াল্ড দ্য লাকি র্যাবিটের স্বত্ব হারানোর পর নতুন একটি চরিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেখান থেকেই জন্ম নেয় প্রাণবন্ত ইঁদুর চরিত্র মিকি মাউস। প্রচলিত আছে, প্রথমে চরিত্রটির নাম রাখার কথা ভাবা হয়েছিল মর্টিমার। পরে ওয়াল্ট ডিজনির স্ত্রী লিলিয়ান ডিজনির পরামর্শে নাম রাখা হয় মিকি।আরও পড়ুন,তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতা, সম্পত্তি দানের ইচ্ছা রজনীকান্তেরমিকির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রাখে ‘স্টিমবোট উইলি’। প্রায় আট মিনিটের সাদা-কালো এই চলচ্চিত্রে মিকিকে দেখা যায় একটি স্টিমবোটের নাবিক হিসেবে। সংগীত ও শব্দের সঙ্গে চরিত্রের নড়াচড়ার সমন্বয় সে সময় দর্শকদের সামনে নতুন অভিজ্ঞতা তৈরি করেছিল। অ্যানিমেশনের ইতিহাসেও চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। ১৯২৮ সালে যাত্রা শুরুর পর মিকি মাউস শুধু কার্টুন চরিত্র হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। টেলিভিশন অনুষ্ঠান, কমিকস, বই, খেলনা ও নানা পণ্যের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ১৯৪০ সালে ‘ফ্যান্টাসিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিষেক হয় তার। ১৯৭৮ সালে ৫০তম জন্মদিনে হলিউড ওয়াক অব ফেমে তারকা পায় মিকি মাউস। অ্যানিমেটেড চরিত্র হিসেবে এটি ছিল প্রথম এমন স্বীকৃতি। প্রায় এক শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের ভালোবাসা ধরে রেখেছে মিকি মাউস। পরিচিত গোল কান, লাল পোশাক আর প্রাণবন্ত ব্যক্তিত্ব নিয়ে আজও বিশ্ব বিনোদনজগতের অন্যতম জনপ্রিয় প্রতীক হয়ে আছে এই কার্টুন চরিত্র।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।