দেশের ইতিহাসে এবার সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি স্বস্তিদায়ক, অভূতপূর্ব এবং অন্তর্বর্তী সরকারের ‘মহাসাফল্য’। এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার এবং পুলিশের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের ৬১তম এবং সর্বশেষ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে সুন্দর নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।আরো পড়ুন , কে হচ্ছেন বাংলাদেশ পুলিশ-এর পরবর্তী আইজিপ্রেস সচিব জানান, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন। কিন্তু বাসায় ফিরবেন পতাকা ছাড়া। এছাড়াও অনুষ্ঠানে কাতার ও সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শফিকুল আলমের মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে। কারণ, অর্থনৈতিকভাবে একটি ভঙ্গুর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে এ সরকার।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। এরপরই উপদেষ্টারা বিদায় নেবেন।