টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ শুরু করেছে সংগঠনটি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তারা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প পরস্পরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হওয়ার পর বস্ত্র খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণও সমান গুরুত্বের দাবি রাখে। বিটিএমএ জানায়, শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।আরও পড়ুন, বীমা খাতে হাত দিতেই শক্তিশালীদের বাধা অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ অর্থমন্ত্রীরএদিকে নতুন মজুরির দাবিতে টেক্সটাইল খাতের কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ধরনের কর্মকাণ্ডে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলেও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিটিএমএর মতে, পোশাকশিল্পে অস্থিরতার কারণে ইতোমধ্যে বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। টেক্সটাইল খাতেও উৎপাদন ব্যাহত হলে দেশের রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারের উদ্যোগ চলমান থাকা অবস্থায় অরাজকতা সৃষ্টি করে উৎপাদন ব্যাহত করাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছে সংগঠনটি। শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বিটিএমএ বলেছে, শ্রমিকবান্ধব ও শিল্পের জন্য সহায়ক ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।