ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের ভালোবাসা পাওয়া এই দম্পতি ব্যক্তিজীবনে সন্তানদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে বরাবরই সচেতন। তবে সন্তানদের ওপর নিজেদের পছন্দ চাপিয়ে না দিয়ে তাঁদের আগ্রহ ও সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন তাঁরা।গত ২৯ অক্টোবর ছিল এই দম্পতির ছোট মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন মা মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। অন্যদিকে বাংলাদেশে থাকা বাবা ওমর সানী ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই মুহূর্তের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ও লেভেল ও এ লেভেল শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন।আরও পড়ুন,ঘোড়ার গাড়িতে চড়ে ‘চিরকুট’ সিনেমার প্রচারণা ভবিষ্যতে এ বিষয়কে কেন্দ্র করেই নিজের পেশাগত জীবন গড়তে চান তিনি। অন্যদিকে তাঁদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন পড়াশোনা শেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনার কাজেও সম্পৃক্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে ওই ব্যবসার সঙ্গে নেই। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, সন্তানদের পড়াশোনার বিষয়ে তাঁরা দুজনই গুরুত্ব দিয়েছেন। তবে এ লেভেল শেষ করার পর সন্তানদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ ও পড়াশোনার ক্ষেত্র বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। বাবা-মা হিসেবে তাঁদের ওপর কোনো কিছু চাপিয়ে দেননি। ওমর সানীর ভাষ্য, ফারদীন বর্তমানে দুবাইয়ে ভালো আছেন এবং আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। আর ফাইজা কসমেটোলজি নিয়ে পড়াশোনা করছেন। সন্তানদের নিজেদের মতো করে বেড়ে ওঠা, প্রতিষ্ঠিত হওয়া এবং ভবিষ্যতে মানুষের উপকারে আসার মতো জীবন গড়াই তাঁদের প্রত্যাশা। অভিনয়শিল্পী বাবা-মায়ের পরিচয়ের বাইরে দুই সন্তানই নিজ নিজ পছন্দ ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।