রাজধানীর ভাটারায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক ৮৫ জনকে মাদক গ্রহণের অভিযোগে সাজা দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে কাগজে স্বাক্ষর নেওয়া হলেও পরে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের দাবি, মাদক গ্রহণের পরীক্ষা ছাড়াই সাজা দেওয়া হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল বাড়িটিতে অভিযান চালায়। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানিয়েছেন, আসামিরা দোষ স্বীকার করায় তাঁদের সাজা দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্তদের স্বজনেরা এ বক্তব্য অস্বীকার করে বলেছেন, তাঁদের মুচলেকার কথা বলে স্বাক্ষর নেওয়া হয়েছিল। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কী প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভালো বলতে পারবেন।আরো পড়ুন,জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক ডিবির জব্দ তালিকায় চারটি মদের বোতল, একটি ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অল্প পরিমাণ কুশ উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। তবে অভিযানে আটক প্রত্যেক ব্যক্তি মাদক গ্রহণ করেছিলেন কি না, তা কীভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা।অভিযানের সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া এবং উপস্থিত ব্যক্তিদের ভিডিও ধারণের বিষয়টিও আলোচনায় এসেছে। ক্যামেরার মেমোরি কার্ড কোথায় এবং তা জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে কি না, সে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিদের ভিডিও কীভাবে ছড়িয়ে পড়ল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহির। ঘটনাটি সংবাদমাধ্যমে আসার পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, দোষ স্বীকারের দাবি থাকলেও অভিযোগের প্রমাণ, সাজা দেওয়ার প্রক্রিয়া এবং আটক ব্যক্তিদের ছবি বা ভিডিও প্রকাশের বৈধতা খতিয়ে দেখা প্রয়োজন। পুরো ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।