দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গোপসাগরে মানবপাচারের বোট আটক, ২৭৩ জন উদ্ধার

বঙ্গোপসাগরে অবৈধ মানবপাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনী ২৭৩ জনকে আটক করেছে, যাদের মধ্যে মানবপাচারকারী দালালচক্রের অন্তত ১০ সদস্য রয়েছে। উদ্ধারকৃতদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে নৌবাহিনী সূত্র।শনিবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হয়।আরও পড়ুন, পরিণতি হাদির মতো হবে’- উড়ো চিঠির মাধ্যমে এমপি পদপ্রার্থী শাহাজান চৌধুরীরকে হুমকিতবে সংকেত উপেক্ষা করে বোটটি দ্রুত গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করে। কিছু সময়ের মধ্যেই বোটটি আটক করতে সক্ষম হয় নৌবাহিনী। আটকের পর বোটটি তল্লাশি করে দেখা যায়, সেখানে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়াই ২৭৩ জন মানুষকে গাদাগাদি করে রাখা হয়েছে। বোটে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি কিংবা জরুরি নিরাপত্তা ব্যবস্থার কোনো ব্যবস্থা ছিল না। গভীর সমুদ্রে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের কারণ হতে পারত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নৌবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। দালালরা বিপুল অর্থের বিনিময়ে তাদের সমুদ্রপথে বিদেশ পাঠানোর পরিকল্পনা করে। নৌবাহিনীর সময়োচিত ও সাহসী অভিযানের ফলে শুধু একটি বড় মানবপাচার চক্রই ভেঙে দেওয়া হয়নি, একই সঙ্গে শত শত মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।আরও পড়ুন, গাইবান্ধার হোপ স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশআটক কাঠের বোটসহ সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাগরপথে মানবপাচার রোধে নৌবাহিনীর এমন তৎপরতা মানবিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বঙ্গোপসাগরে মানবপাচারের বোট আটক, ২৭৩ জন উদ্ধার