দৈনিক সংবাদ দিগন্ত

ভূমিধসে বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান, চলছে মেরামতের কাজ

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কের একটি ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।সোমবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধসের কারণে সড়কের ওপর ৩৩ কেভি খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভাগের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় হয়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।আরও  পড়ুন, নজরদারিতে সিন্ডিকেটের শীর্ষ ত্রয়ী: নিজাম, টুটুল ও জাকিরের মামলার ফিরিস্তি ও অপরাধের খতিয়ানআবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভূমিধসে বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান, চলছে মেরামতের কাজ