দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের পাশাপাশি তিন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।ইসি সচিব আখতার আহমেদ জানান, বৈঠকের মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন এবং তফসিল ঘোষণার প্রস্তুতি।এর আগে গত রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচন কমিশনের এক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আইন পর্যালোচনা করা হয়। সেই বৈঠকেই তফসিল ঘোষণার পরবর্তী প্রক্রিয়া নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়।আরও  পড়ুন, দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদসংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক