ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ মারান্দি। এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। মারান্দির দাবি, যুক্তরাষ্ট্র সব ধরনের রেড লাইন অতিক্রম করেছে এবং পরিস্থিতির পরিণতি নিয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। এর জবাবে ইরানও হামলার পরিধি বাড়াতে পারে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। মারান্দি বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি এবং উত্তেজনা বাড়াতেও চায় না। তবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে। তার ভাষ্য অনুযায়ী, এই সংঘাতে সংশ্লিষ্ট দেশগুলোও ইরানের প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে। আরও পড়ুন,হুতি হামলা বন্ধে সৌদির অর্থনৈতিক প্রস্তাবএতে ওই অঞ্চলে কয়েকটি দেশের উপস্থিতি ও সামরিক অবস্থান গুরুতর সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের এই বিশ্লেষক আরও দাবি করেন, আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতা প্রয়োজনের তুলনায় সীমিত। তার মতে, চলমান সংঘাতের কারণে এসব দেশের সামরিক সক্ষমতাও ক্রমে ক্ষয় হচ্ছে। এ প্রসঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মারান্দির অভিযোগ, যুক্তরাষ্ট্র আঞ্চলিক আরব মিত্রদের তুলনায় ইসরাইলকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। মারান্দির এই বক্তব্য এমন এক পরিস্থিতিতে এসেছে, যখন ইরানের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা এবং এর সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ বাড়ছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে মারান্দির বক্তব্যকে তার ব্যক্তিগত বিশ্লেষণ ও সতর্কবার্তা হিসেবে দেখা জরুরি। তার মন্তব্যের ভিত্তিতে সম্ভাব্য সামরিক পরিস্থিতির চূড়ান্ত পরিণতি নিশ্চিতভাবে বলা যায় না।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।