দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠেয় এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী বক্তব্যের পর শুরু হবে শোভাযাত্রা। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।আরও পড়ুন, কারাগারের নিরাপত্তায় সাত দফা নির্দেশনা, জোরদার হচ্ছে নজরদারিসংবাদ সম্মেলনে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, পোস্টার লাগানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষও দিবসটি পালনের কর্মসূচি নিয়েছে। তাঁর দাবি, বিগত আওয়ামী লীগ সরকার দিবসটির রাষ্ট্রীয় আয়োজন বন্ধ করেছিল। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালিত হবে। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই; সাধারণ মানুষের মধ্যেও দিবসটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান