মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলাম এতে স্বাক্ষর করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আনা সংশোধনী অবিলম্বে কার্যকর হবে। সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধান রয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং জেলা বা অঞ্চলের নাম ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)। প্রয়োজনে নম্বরপ্লেটের বিভিন্ন অংশের ফাঁকা জায়গা ও হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি। নম্বরপ্লেটে রেট্রো-রিফ্লেক্টিভ প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।আরও পড়ুন,হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭বর্তমানে বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা এক রকম নয়। ফলে অনেক ক্ষেত্রে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন হচ্ছিল। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বিধান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ায় সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলকেও ক্যামেরা নজরদারির আওতায় আনা প্রয়োজন। সংশোধিত বিধিমালার পর এখন বিআরটিএর পরবর্তী নির্দেশনার অপেক্ষা। কোন ধরনের মোটরসাইকেলে কী আকার ও বিন্যাসের নম্বরপ্লেট বসাতে হবে, তা সংস্থাটির নির্দেশনায় স্পষ্ট হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।