দৈনিক সংবাদ দিগন্ত

বাবার মূল্যবোধই কি জীবনসঙ্গী নির্বাচনে প্রভাব ফেলেছে সাবার

বলিউডের নবাব পরিবারের সদস্য সাবা আলী খান। মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান অভিনয়জগতের পরিচিত মুখ হলেও পরিবারের অন্যদের মতো আলোচনায় থাকতে পছন্দ করেন না তিনি। নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন সাবা। ২০২৬ সালে ৫০ বছরে পা দিয়েছেন, তবে এখনো বিয়ে করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ এবং জীবনসঙ্গী নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে আলাপচারিতায় সাবা জানান, জীবনে কখনো তাঁর প্রথম প্রেমিকও ছিল না। কৈশোর পেরোনোর পর থেকেই পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। ১৮-১৯ বছর বয়স থেকেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হতো। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। সাবার ভাষায়, প্রস্তুতি না থাকায় সেই সম্পর্ক আর এগোয়নি। বিয়ের প্রতি তাঁর অনাগ্রহ ছিল না। পরবর্তী সময়ে জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করলেও মনের মতো কাউকে পাননি। এমন একজন মানুষ চেয়েছেন, যাঁর সঙ্গে মানসিকতা ও জীবনযাপনের মিল থাকবে। জীবনসঙ্গী নির্বাচনে বাবা মনসুর আলী খান পতৌদির ব্যক্তিত্ব ও মূল্যবোধের প্রভাবের কথাও বলেছেন সাবা।আরও পড়ুন,হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধ কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান ছিলেন তাঁর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব। তবে বাবার মতো কাউকে খোঁজার বিষয়টি সরাসরি নয়; বরং বাবার কাছ থেকে পাওয়া স্বাধীনতা, বিনয় ও দায়িত্ববোধের শিক্ষা তাঁকে প্রভাবিত করেছে। সাবার মতে, তাঁর বাবা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং তাঁকে স্বাধীন হতে শিখিয়েছেন। অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যও সাবার ভাবনার সঙ্গে মিলে গেছে। তাঁর প্রত্যাশা, জীবনসঙ্গী এমন একজন হবেন, যিনি দায়িত্ব নিতে জানেন এবং সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করেন। অবিবাহিত থাকাকে অবশ্য নিজের পরিকল্পিত সিদ্ধান্ত মনে করেন না সাবা। তাঁর সঙ্গী পাওয়ার ইচ্ছা ছিল, এখনো বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে শুধু সামাজিক প্রত্যাশা পূরণে বিয়ে করতে চান না। তাঁর মতে, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, যত্ন, বন্ধুত্ব ও বিশ্বাস। তিনি বলেছেন, একা থাকতে পারেন, কিন্তু নিঃসঙ্গ নন। ১৯৭৬ সালের ১ মে নয়াদিল্লিতে জন্ম নেওয়া সাবা অভিনয়ের বদলে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তিনি জুয়েলারি ডিজাইনার। পাশাপাশি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। ভোপালের ঐতিহ্যবাহী রাজপরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র প্রধান ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বাবার মূল্যবোধই কি জীবনসঙ্গী নির্বাচনে প্রভাব ফেলেছে সাবার