রায়পুরায় হামলার শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী বুবি বেগম মারা গেছেন
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দীর্ঘদিনের পরিচ্ছন্নতা কর্মী বুবি বেগম (প্রায় ৭০) মারা গেছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশনটির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না। পরিবার বলতে তেমন কেউ না থাকায় একাই জীবনসংগ্রাম করে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামান্য কিছু টাকাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলা ও মারধরের শিকার হন বুবি বেগম। হামলার পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ বুবি বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।আরও পড়ুন, পশ্চিম ফুলমতি কান্দাপাড়া–ইন্দুঘাট ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার এলাকাবাসী, দ্রুত বাস্তবায়নের আহ্বাননরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলসানা কবির জানান, বুবি বেগমের মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, পুলিশ মরদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।বুবি বেগমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, একজন অসহায়, বৃদ্ধ ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম হামলা মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসা বুবি বেগম ছিলেন এলাকার সবার কাছে পরিচিত ও মানবিক এক মুখ। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে।