পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার প্রদর্শন নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন করে ৫১টি সিনেমা হল নির্মাণ এবং বন্ধ বা জরাজীর্ণ হল সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার (২৪ নভেম্বর) নবান্নে টালিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত জানান তিনি। বৈঠকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘সাধক বামাখ্যাপা’ সিনেমার প্রদর্শন নিয়েও আলোচনা হয়। বৈঠকে অভিযোগ ওঠে, বড় বাজেটের হিন্দি সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কমিয়ে দেওয়া হয়, কখনোবা হল থেকে নামিয়ে দেওয়া হয়। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী ‘সাধক বামাখ্যাপা’ সিনেমাটি কোনোভাবেই প্রেক্ষাগৃহ থেকে সরানো যাবে না বলে নির্দেশ দেন। যেসব হল মালিক আগে ছবিটি প্রদর্শনের সুযোগ দেননি, তাঁদেরও সিনেমাটি চালানোর ব্যবস্থা করতে বলেন।আরও পড়ুন, ব্যক্তিগত অপপ্রচারের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ছড়িয়ে দেওয়ার আহ্বান মেঘনা আলমেরবাংলা ছবির প্রদর্শন নিয়ে ভবিষ্যতে জটিলতা এড়াতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কমিটিতে আরও থাকছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও অরিজিৎ দত্ত। কোনো হলে বাংলা ছবির শো কমানো বা প্রদর্শন নিয়ে সমস্যা হলে কমিটি হস্তক্ষেপ করে সমাধানের উদ্যোগ নেবে। মিঠুন চক্রবর্তী ২৬ নভেম্বর শহরে ফিরলে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও উঠে আসে। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একসময় রাজ্যে ৮০০টির বেশি সিনেমা হল থাকলেও বর্তমানে তা কমে প্রায় ১০০টিতে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন ৫১টি হল নির্মাণের পাশাপাশি বন্ধ ও জরাজীর্ণ প্রেক্ষাগৃহ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। টালিউড সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা সিনেমার প্রদর্শনের সুযোগ বাড়বে এবং প্রেক্ষাগৃহকেন্দ্রিক ব্যবসায় গতি ফিরবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।