দৈনিক সংবাদ দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী পৌঁছেছেন

দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে এ তথ্য জানিয়েছেন।সফরে প্রধানমন্ত্রী পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করবেন। এরপর স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রকল্পটি গত ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত হয়। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।আরও  পড়ুন,  জাতীয় বেতন স্কেল-২০২৬: ৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য বাস্তবায়নে নতুন নির্দেশনা পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫, পরশুরামে ২৯৮ এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট সক্ষমতার ব্যবস্থা রয়েছে। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন। ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়া হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর। কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী পৌঁছেছেন