চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সোলাইমান ফারুকী উত্তর হাসিমপুর ধরপাড়া এলাকায় আয়োজিত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজনের গুরুত্ব ও উৎসবের আনন্দ বহুগুণে বৃদ্ধি করেন।মহোৎসব অনুষ্ঠানে পৌঁছালে তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপস্থিত ভক্তবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা সোলাইমান ফারুকী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন সমাজে শান্তি, শৃঙ্খলা ও সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, ধর্ম মানুষকে মানবিকতা, নৈতিকতা ও সহনশীলতার শিক্ষা দেয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সামাজিক অনাচার ও বিভেদ দূর করার আহ্বান জানান।আরও পড়ুন, ধানের শীষের পক্ষে ফাঁসিয়াখালীতে গণসংযোগ, ভোট চাইলেন শ্রমিক দলের নেতারাঅনুষ্ঠানে বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। মহোৎসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।উল্লেখ্য, উত্তর হাসিমপুর ধরপাড়া এলাকায় প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহোৎসব আয়োজন করা হয়ে থাকে। এবারের আয়োজনেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।