গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকির কোনো প্রজেক্টে। গত শনিবার নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। নির্মাতা জানান, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি, দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন। এদিকে, চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম। তিনি জানান, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে। কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না, এজন্য কাজ করছেন না অভিনেত্রী। মিম বলেন, এটা অনেকেই জিজ্ঞেস করেন যে, কাজ কম করছি কেন? কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।