তেলের কৃত্রিম সংকটের অভিযোগ ফখরুলের, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর নির্দেশ
দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট নেই। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও চক্র জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে। তিনি এটিকে জনভোগান্তি সৃষ্টিকারী অপরাধ হিসেবে আখ্যায়িত করেন এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানান।তিনি আরও বলেন, দেশে জ্বালানি খাতে অনৈতিক ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না।আরো পড়ুন , তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সামনে বৃষ্টির স্বস্তিঅনুষ্ঠানটি আয়োজন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণের জন্য।এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর সচল করা এবং মেডিকেল কলেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক এবং সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।