হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘এক্স-মেন’ এবং বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর টিভি সিরিজ ‘স্টার ট্রেক’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ছয় দশকের বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন তিনি। গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। বৃহস্পতিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। শেষ সময়ে স্ত্রী সানি ওজেল, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর পাশে ছিলেন। ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক তাঁকে আকৃষ্ট করেছিল। পরবর্তী সময়ে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতার পরিচয় দেন। ১৯৮৭ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ধারাবাহিকে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। ধারাবাহিকটি ১৯৯৪ সাল পর্যন্ত সাত মৌসুম প্রচারিত হয়। আরও পড়ুন,কেনিয়ার জঙ্গলে রণবীর আলিয়ার স্মরণীয় মুহূর্তপরে ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্র এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও একই চরিত্রে অভিনয় করেন। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন স্টুয়ার্ট। সিরিজের আরও কয়েকটি ছবির পাশাপাশি ২০১৭ সালের ‘লোগান’ চলচ্চিত্রেও তাঁকে দেখা যায়। মুক্তির অপেক্ষায় থাকা মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতেও তাঁর অভিনয়ের কথা রয়েছে। শেক্সপিয়ারের নাটকে অভিনয়ের জন্যও বিশেষভাবে প্রশংসিত ছিলেন তিনি। মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও হলিউডের তারকারা। ‘স্টার ট্রেক’ সহশিল্পী উইলিয়াম শ্যাটনার তাঁর প্রজ্ঞা, সৌজন্য ও মানবিকতার কথা স্মরণ করেছেন। ‘এক্স-মেন’ সহশিল্পী হিউ জ্যাকম্যান তাঁকে মঞ্চ ও পর্দার অন্যতম সেরা অভিনয়শিল্পী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। মার্ভেল স্টুডিওসও শোক প্রকাশ করেছে। অভিনয়ের বাইরেও মানবাধিকার, পারিবারিক সহিংসতার শিকার মানুষ, শরণার্থী ও প্রাণিকল্যাণের পক্ষে কাজ করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তিনি স্ত্রী সানি ওজেল এবং আগের সংসারের দুই সন্তান ড্যানিয়েল ও সোফিকে রেখে গেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।