নির্বাচনের প্রস্তুতিতে ২২ জানুয়ারি থেকে ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২২ জানুয়ারি শুরু হচ্ছে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ।নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, এ কার্যক্রমে ৮ লাখের বেশি লোকবলকে নির্বাচনি আইন-বিধিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সংসদ ও গণভোট হবে। একই কর্মকর্তাদের দুটি ভোট কীভাবে সামাল দিতে হবে, তা এ প্রশিক্ষণেই পুঙ্খাপুঙ্খভাবে তুলে ধরা হবে।আরো পড়ুন , আদালতে আজ শুরু হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি। এতে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে আড়াই লাখের মতো ভোটকক্ষ থাকবে।ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ভোটকক্ষ প্রতি দুজন পোলিং অফিসার মিলিয়ে কেন্দ্র প্রতি ৮/১০ জনের মত পোলিং অফিসার প্রয়োজন হয়। অতিরিক্ত লোকবলও প্রস্তুত রাখতে হয়। সব মিলিয়ে ৮ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ দিতে হবে।ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে যতজন প্রয়োজন, তার চেয়ে ১০ শতাংশ বেশি লোকবল বাছাই করে প্যানেল প্রস্তুত করা হয়।