জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন 'জাতীয় নারীশক্তি'র বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পুনর্গঠিত এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। কমিটিতে সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তীতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির তথ্য প্রকাশ করা হয়।আরও পড়ুন,জনগণের অধিকারের দাবিতে জামায়াত মাঠে নেমেছে, কোনো দলীয় দাবি নিয়ে নয়বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের প্রত্যক্ষ নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির পূর্বের কমিটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নতুন অনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 'জাতীয় নারীশক্তি'। সূচনা লগ্নে সংগঠনটির আহ্বায়ক পদে মনিরা শারমিন, সদস্যসচিব পদে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক পদে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে গত ১৮ এপ্রিল সংগঠনের ৫৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এবার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পুরোনো কমিটি ভেঙে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিল মূল দল এনসিপি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।