দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে মসজিদের পুকুরে চামড়ার বর্জ্য ফেলে পানি দূষণ, মাছের ব্যাপক ক্ষতি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি ঐতিহ্যবাহী পুরাতন জামে মসজিদের পুকুরে চামড়াজাত বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হয়ে ব্যাপক সংখ্যক মাছ মারা গেছে। এতে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মসজিদ কর্তৃপক্ষ।মসজিদ কমিটির সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আশপাশের এলাকায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সময় উৎপন্ন বর্জ্য অসচেতনভাবে পুকুরে অথবা পুকুরসংলগ্ন স্থানে ফেলা হয়। ফলে পুকুরের পানির গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এর প্রভাবে পুকুরের মাছ মারা যেতে শুরু করে।পরে মৃত মাছগুলো পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। মসজিদ কর্তৃপক্ষ জানায়, পুকুরটি মসজিদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।আরও  পড়ুন,অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, স্থবির রেল যোগাযোগ পুকুর থেকে প্রাপ্ত আয় মসজিদের বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়। মাছের ব্যাপক ক্ষতির কারণে মসজিদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত ১ জুন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।মসজিদ কমিটির নেতৃবৃন্দ দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারাও দ্রুত পুকুরের পানি দূষণমুক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।আরও  পড়ুন হিলি সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কড়া অবস্থান

পাঁচবিবিতে মসজিদের পুকুরে চামড়ার বর্জ্য ফেলে পানি দূষণ, মাছের ব্যাপক ক্ষতি