দৈনিক সংবাদ দিগন্ত

তাহসিফের মৃত্যুর রহস্য: পিবিআইয়ের হেফাজতে শেষ সাক্ষাৎকারী দীপ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে শেষ সময়ে দেখা করা ‘জুনিয়র বন্ধু’ হিসেবে পরিচিত দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তাহসিফের নিখোঁজ হওয়ার আগে দীপের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানোর তথ্য সামনে আসার পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পিবিআই সদস্যরা হেফাজতে নিয়েছেন। পুলিশের একটি সূত্র জানায়, মোহাম্মদপুর থানার বাবর রোডের ‘বি’ ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে দেখা করেন দীপ। তাঁরা হাত মেলানোর পর পৃথক মোটরসাইকেলে সেখান থেকে চলে যান। পরিবারের সদস্যরা ফুটেজে থাকা ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেছেন। তাহসিফের পরিবারের অভিযোগ, দীপের ডাকে সাড়া দিয়েই সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।আরও পড়ুন,এলপিজির বাজারে অস্থিরতা, ভোক্তার স্বার্থ নিয়ে প্রশ্ন দীপের দাবি ছিল, তাহসিফের মোটরসাইকেলে ত্রুটি দেখা দেওয়ায় তাঁরা একটি ওয়ার্কশপে যান। কাজ শেষে বাসায় ফিরে একসঙ্গে খাবার খেয়ে তিনি নিজের গন্তব্যে চলে যান। তবে এ বিষয়ে তাঁর বক্তব্যের বাইরে অন্য কোনো তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায় একটি মরদেহ উদ্ধার করে নদী পুলিশ। হাতে থাকা বিশেষ ঘড়ি ও পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে স্বজনেরা মরদেহটি তাহসিফের বলে শনাক্ত করেন। বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয়। পরে ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের দাবি, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে নদে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারও সম্পৃক্ততা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। দীপকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের অগ্রগতির মধ্য দিয়ে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

তাহসিফের মৃত্যুর রহস্য: পিবিআইয়ের হেফাজতে শেষ সাক্ষাৎকারী দীপ