দৈনিক সংবাদ দিগন্ত

কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১নং পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার। উদ্বোধনকালে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের উদ্দেশে আবুল বশার হাওলাদার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত, সামাজিক কিংবা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় গ্রামবাসী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি সদস্য কিংবা গ্রাম পুলিশের কোনো ধরনের অনুরোধ বা সুপারিশ গ্রহণ করা যাবে না। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে প্রতিটি পরিবারের বিবরণ সংগ্রহ করতে হবে। কোনো ব্যক্তি বা মহলের প্রলোভন কিংবা আর্থিক সুবিধার প্রস্তাবে প্রভাবিত না হওয়ার জন্যও তিনি তথ্য সংগ্রহকারীদের সতর্ক করেন। আরও পড়ুন,অস্তিত্ব সংকটে নরসিংদীর টেক্সটাইল শিল্পএ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় কোন শ্রেণির পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে, সে বিষয়ে জানতে চাইলে তথ্য সংগ্রহকারী সানাউল্লাহ ফকির জানান, ইউনিয়নের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণির পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। কোনো পরিবার যেন তথ্য সংগ্রহের আওতার বাইরে না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে যাচাই-বাছাই সাপেক্ষে কার্ড বিতরণ করা হবে। এ জন্য তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ ও নিরপেক্ষ যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার পাশাপাশি প্রকৃত উপকারভোগী নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে পিঞ্জুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরাক শেখসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন