দৈনিক সংবাদ দিগন্ত

পেনাল্টি মিসের ধারা থামাতে পারছেন না এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস যেন অভ্যাসে পরিণত হচ্ছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ছয়টি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি তারকা। তবে এবার তাঁর ব্যর্থতার খেসারত দিতে হয়নি রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তের গোলে সেলতা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। শনিবার লা লিগায় নিজেদের মাঠে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটে উইলিয়ট সুইডবার্গের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান পাবলো দুরান। এরপর সমতায় ফেরার সুযোগ পায় স্বাগতিকেরা। বক্সের মধ্যে এমবাপ্পের হাত টেনে ধরেন সেলতার ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি এমবাপ্পে। তাঁর নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এর আগে মৌসুমের শুরুতে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচেও পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। আরও পড়ুন,আল নাসরের শিরোপার লড়াইয়ে ধাক্কা, জিতল আল আহলিবিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের হয়েও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ওই দুই ম্যাচে গোলরক্ষক তাঁর নিচু শট আটকে দিয়েছিলেন। এবার পেনাল্টি মিসের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায় রিয়াল। ৬৬ মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে গোল করে দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। ম্যাচের শেষ দিকে মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে রিয়ালকে। তবে শেষ মুহূর্তে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন কার্লোস এসপি। তাঁর প্রথম হেড গোলরক্ষক ইওনুত রাডু ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এই জয়ে ১৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩। সমান পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। রোববার নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

পেনাল্টি মিসের ধারা থামাতে পারছেন না এমবাপ্পে