পাকিস্তানের জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী ৪ ডিসেম্বর থেকে দেখা যাবে সিরিজটি। ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন পাকিস্তানের একঝাঁক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী। সিরিজটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরেইদ। প্রেম, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক ক্ষত কাটিয়ে ওঠার গল্প নিয়ে সাজানো হয়েছে এর কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছেন হার্ভার্ডের আইনের শিক্ষার্থী সিকান্দার শেখরিয়া। অতীতের মানসিক আঘাতের সঙ্গে লড়াই করছেন তিনি। অন্যদিকে লিজা একজন প্রতিভাবান শিল্পী, যার জীবনেও রয়েছে নানা জটিলতা ও অতীতের ক্ষত। ইতালির মনোরম পরিবেশে দুজনের পরিচয় থেকে শুরু হয় তাঁদের জীবনের নতুন অধ্যায়। এরপর প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সংঘাত ও নানা আবেগঘন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। সম্প্রতি সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করেছে নেটফ্লিক্স। পোস্টারের সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘তিন প্রজন্ম, ছয়টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন—আমাদের হৃদয়ে যে ভালোবাসা জমা থাকে, তা কি যথেষ্ট?’ সিরিজটির ট্যাগলাইন ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।আরও পড়ুন, নতুন নাটকে তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরাএর আগে ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ফাওয়াদ খান ও সনম সাঈদ। পরে ‘বরজখ’ সিরিজেও তাঁদের একসঙ্গে দেখা যায়। অন্যদিকে ‘হামসফর’ ধারাবাহিকে ফাওয়াদ ও মাহিরার জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। বলিউডেও কাজের অভিজ্ঞতা রয়েছে ফাওয়াদ খানের। ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পান মাহিরা খান। তবে সিরিজটির মুক্তি নিয়ে ভারতের দর্শকদের জন্য তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, সিনেমা, গান ও অন্যান্য কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল। ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে জারি করা নির্দেশনার প্রভাবেই ভারতে সিরিজটির সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি ভারতের দর্শকরা দেখতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।