ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা ও প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের নির্বাসিত কয়েকজন নেতার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হাসিনা। তবে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। আওয়ামী লীগের এক নির্বাসিত নেতা বলেছেন, দেশে ফেরার ইচ্ছা থেকেই পাসপোর্টের আবেদন করা হয়েছে। পাসপোর্ট না পেলে ট্রাভেল পাসের আবেদন করার কথাও ভাবতে পারেন তিনি। দলটির কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও নির্বাসিত নেতারা দাবি করেছেন। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতকে চাপ দিয়ে আসছে।আরও পড়ুন,আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামও বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাঁর নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই। দেশে ফিরলে দণ্ড কার্যকরের মুখোমুখি হতে পারেন বলে তিনি দাবি করেন। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তাঁর দাবি, এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের চাঙা রাখা ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও দেশে ফেরার আলোচনা অস্থিরতা সৃষ্টির অপপ্রচার বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের কয়েকজন বলেছেন, দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে জেনেও তাঁরা রাজনৈতিকভাবে লড়াই চালাতে চান। সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি সেপ্টেম্বরে দেশে ফেরার পর গ্রেপ্তার হন। অন্যদিকে শেখ হাসিনা এপিকে ই-মেইলে বলেছেন, মৃত্যুই নিয়তি হলে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চান। ফলে তাঁর দেশে ফেরার ইচ্ছা, আইনি অবস্থান এবং ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।