মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে হাসিবের বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় হাসিবের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক তরুণী ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা নিশ্চিত করেছেন, ওই তরুণী হাসিবের স্ত্রী। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস জানান, আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছিলেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। আরও পড়ুন,শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) সম্পূর্ণ খরচে কর্মী নিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানএরপর থানায় মামলা করা এবং পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশা থামলে ওই ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলান এবং আবারও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে হাসিব রিসোর্টটিতে ওঠেন। মঙ্গলবার তাঁদের চেকআউট করার কথা ছিল। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীর পরিচয় শনাক্ত করে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।