স্বামী বিজয় দেবেরাকোন্ডাকে ভালোবাসা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বলেছেন, স্বামীকে গভীরভাবে ভালোবাসার মধ্যে সমস্যার কী আছে? তাঁদের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে রাশমিকার পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডাও। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে হাজির হন রাশমিকা ও বিজয়। সেখানে তাঁদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। রাশমিকা জানান, বিমানবন্দরে বসে তিনিই প্রথম বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। বিজয় মজা করে বলেছিলেন, তাঁকে রাজি করাতে হলে ১০০ বার বিয়ের কথা বলতে হবে। এরপর প্রায় এক বছর ধরে রাশমিকা বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন বলে জানান তিনি। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ বিজয়ের মন্তব্যকে রাশমিকাকে ছোট করার চেষ্টা হিসেবে দেখেন। আবার অনেকে তাঁদের ব্যক্তিগত কথোপকথন নিয়ে অযথা বিতর্ক তৈরির সমালোচনা করেন। গত ২৬ অক্টোবর ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা বলেন, তাঁদের সম্পর্কের ক্ষেত্রে কে কতবার বিয়ের কথা বলেছেন, সেটি বড় বিষয় নয়। বরং একে অপরকে বোঝা এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলার সিদ্ধান্তই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।আরও পড়ুন,নেটফ্লিক্সে তুমুল জনপ্রিয় কানাডীয় সিরিজ ‘বিলো’ স্বামীকে ভালোবাসার বিষয়ে নিজের অবস্থান জানিয়ে রাশমিকা লেখেন, তিনি তাঁর জীবনসঙ্গীকে ভীষণ ভালোবাসেন। এতে সমস্যা কোথায়? অভিনেত্রীর মতে, যাঁকে বিয়ে করছেন, তাঁকে ভালোবাসাই স্বাভাবিক। সুযোগ পেলে বিজয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত তিনি হাজারবারও নেবেন। রাশমিকা আরও বলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার আগে মানুষের উচিত বাস্তব পরিস্থিতি বোঝা। জীবনের কঠিন সময়ে বিজয় তাঁর পাশে ছিলেন এবং তাঁকে মানসিক সমর্থন দিয়েছেন বলেও জানান তিনি। নারীবাদের নামে অনলাইন হয়রানির সমালোচনা করে রাশমিকা বলেন, কোনো নারীকে না জেনে তাঁর সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নারীবাদ নয়। বরং প্রত্যেকের নিজের জীবন ও জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতাকে সম্মান করা উচিত। এদিকে স্ত্রীকে সমর্থন জানিয়ে বিজয় দেবেরাকোন্ডা বলেছেন, রাশমিকা তাঁর সবচেয়ে ভালো বন্ধু, স্ত্রী এবং জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া তাঁর জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। তাঁদের নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের উদ্দেশে বিজয় জানান, তাঁরা দুজনই ভীষণ সুখী।তারকা দম্পতির এই বক্তব্যের পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।