দৈনিক সংবাদ দিগন্ত

মান্দায় দীর্ঘদিন পর সড়ক নির্মাণে স্বস্তি

নওগাঁর মান্দা উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে অবশেষে নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক। এক কোটি চার লাখ টাকা বরাদ্দে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিন পর সড়কটি নতুন করে নির্মাণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত সড়কটির নির্মাণকাজ চলছে। সংসদ সদস্য একরামুল বারী টিপুর উদ্যোগে সরকারি বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ। এলজিইডি সূত্রে জানা গেছে, সরকারি কার্যাদেশ ও নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী নির্মাণকাজ চলছে। আরও পড়ুন,গাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় উৎপাদন শুরুমান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, এখন পর্যন্ত কাজের মান ভালো। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সিডিউল অনুসরণ করে কাজ করছে। স্থানীয় বাসিন্দা ময়েজ, আব্দুল কাদের ও আলাউদ্দিনসহ কয়েকজন জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান ও বালুর পরিমাণ তাঁদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। এখন পর্যন্ত তাঁদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। দীর্ঘদিন পর সড়কটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তাঁরা আশা করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের প্রতিনিধি জয় বলেন, সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। নির্মাণকাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ে সড়কটির নির্মাণকাজ শেষ হলে হাজী গোবিন্দপুর ও গাইহানা উত্তরপাড়ার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এবং এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মান্দায় দীর্ঘদিন পর সড়ক নির্মাণে স্বস্তি