মাদক-অস্ত্রের বিরুদ্ধে দেশজুড়ে জোরালো অভিযান
অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশব্যাপী জোরদার করা হয়েছে সমন্বিত অভিযান। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭২৫ জন সন্দেহভাজনকে।পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এ সময় বিশেষ অভিযানে গ্রেপ্তার হন ৩২ হাজার ৯০৮ জন এবং বিভিন্ন মামলায় ও নিয়মিত অভিযানে আটক হন আরও ৮৩ হাজার ৮১৭ জন।অভিযানে উদ্ধার করা হয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র এবং ১০ হাজারের বেশি চকলেট বোমা। একই সময়ে জব্দ করা হয়েছে প্রায় ৭৬ লাখ ৪০ হাজার ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক।আরও পড়ুন, রাজধানীতে মেঘলা আকাশ, হতে পারে বজ্রসহ বৃষ্টিপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অপরাধ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে সিসিটিভি ও এআই-চালিত ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, এটি ডাকাতি, মাদক পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখবে।