দৈনিক সংবাদ দিগন্ত

আদাবরে আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে আহত ২

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা-পুলিশ।মঙ্গলবার রাত আড়াইটার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। গুলিবিদ্ধ দুজন হলেন রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার। তাদের দুজনেরই পায়ে গুলি লাগে। পরে চিকিৎসার জন্য তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গ্রেপ্তার অন্য দুজন হলেন শাকিব ও রাশেদ। পুলিশের দাবি, অভিযানের সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের দিকে এগিয়ে এসে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৭ থেকে ৮ জনকে দেখতে পায় পুলিশ।আরও  পড়ুন, নিবন্ধন ছাড়া ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশাপুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হলে কয়েকজন ধারালো চাপাতি নিয়ে পুলিশের দিকে এগিয়ে আসে। এ সময় সঙ্গে থাকা কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগর আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়।অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩ ১৪৮ ১৪৯ ৪৪৭ ৩৮৫ ৪২৭ ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আদাবরে আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে আহত ২