দুর্যোগে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মাঠে নামছে পরীক্ষার্থীরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ।‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।ঢাকা কলেজের শিক্ষার্থীদের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে পরীক্ষা নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।আরও পড়ুন, বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বেসরকারি সমন্বয়ের তাগিদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা স্থগিতের দাবি বিভিন্ন মহল থেকে উঠলেও শিক্ষা মন্ত্রণালয় তা আমলে নেয়নি। তাই এ ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায় বলে দাবি করেন আন্দোলনকারীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।তবে এসব কর্মসূচির ঘোষণায় কোনো নির্দিষ্ট শিক্ষার্থী বা সংগঠকের নাম উল্লেখ করা হয়নি। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এসব ঘোষণা প্রচার করা হয়েছে।অন্যদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রামসহ বন্যাকবলিত পাঁচ জেলার পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও দেশের অন্যান্য বোর্ডে পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। কমিটির মতে, সারা দেশের পরীক্ষা স্থগিত করলে শিক্ষা ক্যালেন্ডার, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে শিক্ষা প্রশাসন। ঘোষিত কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।