মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে তিন হাজার স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ‘আগামীর আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রোববার (১৫ নভেম্বর) সকালে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। র্যালির আগে সোহরাওয়ার্দী মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকটা কমে এসেছে। এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারলে একদিন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আলোকিত লালমনিরহাটের কার্যক্রম সরেজমিনে দেখতে আসবেন। এটি জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ইতিমধ্যে সদর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাতেও তা সম্প্রসারণ করা হচ্ছে। ত্রাণমন্ত্রী আরও বলেন, আলোকিত লালমনিরহাটের ১৫ হাজার স্বেচ্ছাসেবী আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আরও পড়ুন,গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারতাঁদের সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটকে সামাজিক অপরাধমুক্ত, আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পরে সোহরাওয়ার্দী মাঠ থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালিটি শহরের মিশন মোড় ও বিজিবি গেট অতিক্রম করে কুলাঘাট ইউনিয়নের মধ্য দিয়ে বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে আলোকিত লালমনিরহাটের সদর উপজেলার প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী অংশ নেন।র্যালিতে জেলা প্রশাসক মুহা. রাশিদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।