গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা
রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। ব্যক্তিগত গাড়ি, অফিসের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন থেকে শুরু করে সিএনজি অটোরিকশা—সবখানেই দীর্ঘ লাইনের চিত্র এখন নিত্যদিনের।মঙ্গলবার রাজধানীর শাহবাগ, মালিবাগ ও মগবাজারসহ বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনে দেখা যায়, ভোর থেকেই গ্যাসের জন্য অপেক্ষা করছেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছেন না।চালকদের অভিযোগ, বেশিরভাগ স্টেশনে ভোর ৫টা থেকে কিছু সময় স্বল্পচাপে গ্যাস দেওয়া হলেও পরে গ্যাসের চাপ কমে যাওয়ায় সন্ধ্যা পর্যন্ত কার্যত পাম্প বন্ধ রাখতে হচ্ছে। ফলে দীর্ঘ অপেক্ষার পরও কেউ কেউ মাত্র ৫০ থেকে ১৫০ টাকার গ্যাস নিয়ে ফিরে যাচ্ছেন।আরও পড়ুন, অপরাধ দমনে কঠোর গুলশান পুলিশ, স্পা সেন্টারে অভিযানমালিবাগের একটি স্টেশনে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর ২১৫ টাকার গ্যাস পেয়েছেন নাসির উদ্দিন। তার মতো প্রতিদিনই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।শাহবাগে সিএনজি নিতে আসা চালক আব্দুর রাজ্জাক জানান, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ১টা পর্যন্তও গ্যাস পাননি। গ্যাস না পেলে আয় বন্ধ হয়ে যায়—এমন পরিস্থিতিতে সংসার চালানো নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।অন্যদিকে মগবাজারের চালক মাজহার জানান, প্রতিদিন মহাজনকে দিতে হয় ১ হাজার ৩০০ টাকা। গ্যাস, খাবারসহ অন্যান্য খরচ মিলিয়ে দৈনিক প্রয়োজন প্রায় ২ হাজার ৫০০ টাকা। কিন্তু পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় ২০০ থেকে ৩০০ টাকার বেশি গ্যাস পাওয়া যাচ্ছে না।চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তাদের আয় আরও কমে যাবে এবং এর প্রভাব পড়বে নগরীর গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবাতেও।