দৈনিক সংবাদ দিগন্ত

গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সরছে কেরানীগঞ্জে

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পের আওতায় ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ওই স্থানে অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর করা হবে। ডিপোর কাজ শেষ হলে বাসগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে।তিনি জানান, চুনকুটিয়ায় ডিপো নির্মাণের জন্য সরকার ১০ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে। পাশাপাশি রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জমি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জমিতে ভবিষ্যতে স্থায়ী বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।আরও  পড়ুন, দুই দিনে ৪ হাজার ৬১ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনেডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাসসহ বিভিন্ন ধরনের গণপরিবহন সেখানে স্থানান্তর করা হবে। বাদামতলী আড়তের ট্রাকসহ অন্যান্য ট্রাকও ওই এলাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল স্থানান্তরের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুটি টার্মিনালের বাস চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সবকিছু শৃঙ্খলার মধ্যে পরিচালনা করতে হবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলা কমাতে পর্যায়ক্রমে মহাখালী, ফুলবাড়িয়া, গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনালে পরিবর্তন আনা হবে।

 গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সরছে কেরানীগঞ্জে