বৃষ্টিতে ভিজতে ছাদে উঠে বজ্রপাতে প্রাণ গেল তরুণের
রাজধানীর হাজারীবাগে চার বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে উঠে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী মো. রিয়াজ। এ ঘটনায় তার চার বছরের ভাতিজি অন্তরা গুরুতর আহত হয়েছে। স্বজনরা জানিয়েছেন, শিশুটির অবস্থাও আশঙ্কাজনক।সোমবার দুপুর পৌনে ৩টার দিকে হাজারীবাগ থানার ৩০ ফুট এলাকার বউবাজারে একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টি শুরু হলে রিয়াজ তার চার বছরের ভাতিজি অন্তরাকে নিয়ে ওই ভবনের ছাদে ওঠেন। বৃষ্টিতে ভেজার জন্য তাদের ছাদে উঠতে দেখে পরিবারের একজন তাদের সেখানে না থাকার জন্য সতর্কও করেছিলেন।এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। পরে ছাদের পেছনে থাকা এক ভাড়াটিয়ার চিৎকার শুনে স্বজনরা সেখানে গিয়ে রিয়াজ ও অন্তরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, গুলশানে গেস্ট হাউজ ও দীর্ঘদিনের স্পা ব্যবসায় কোটিপতি মিরাজঅন্যদিকে, শিশু অন্তরাকে শিকদার মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনদের দাবি, তার অবস্থাও আশঙ্কাজনক।রিয়াজের স্বজনরা জানান, তিনি আগে হাজারীবাগের একটি জুতা ও লেদার কারখানায় কাজ করতেন। কিছুদিন গ্রামের বাড়িতে থাকার পর প্রায় এক মাস আগে আবার ঢাকায় ফিরে কাজে যোগ দেন।নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ। বর্তমানে তিনি হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।বৃষ্টির সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা ছাদ, মাঠ কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা।