তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। রোববার (১ নভেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার আবেদন গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা নেওয়া হয়।আরও পড়ুন,এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দামপ্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোণায় ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়। ঋণের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ব্যাংকার ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি থাকবে। কমিটির সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। কর্মসূচিটির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।