সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে না, তবে কেউ যেন মাদকাসক্ত বা অপরাধের সঙ্গে জড়িত না হয়—শিক্ষার্থীদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে—এমন কোনো কথা নেই। কেউ বিদেশে যেতে পারে, কেউ নিজের পছন্দের অন্য কোনো পেশায় যেতে পারে। তবে জীবনে যে পথই বেছে নেওয়া হোক, মাদক, অপরাধ ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে।নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে হাসনাত বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসে তিনি দেখছেন, যে শিক্ষকরা তাদের তারুণ্যের সময় শিক্ষার্থীদের পেছনে শ্রম ও সময় দিয়েছেন, তারা এখন বার্ধক্যে পৌঁছেছেন। শিক্ষকদের পাশাপাশি মা-বাবার প্রতিও শিক্ষার্থীদের দায়িত্ব ও ঋণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।আরও পড়ুন : গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটককিশোর গ্যাংয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেবিদ্বারের কয়েকজন কিশোরকে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে বলে তিনি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পৃথকভাবে পাওয়া যায়নি।হাসনাত বলেন, এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর শুনলে সেটি গর্বের বিষয় হবে। অন্যদিকে অপরাধে জড়ানোর খবর এলে তা হতাশার কারণ। ভালো কাজে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধ করলে নিজের ভাই কিংবা নিজের এলাকার বা বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় দেওয়া হবে না—এমন বক্তব্যও তিনি দেন।অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং ও বিপথগামী কর্মকাণ্ডে না জড়ানোর শপথ করান তিনি।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীরসহ অন্যরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।