আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে মুদ্রার দাম নির্ধারণ করতে পারবেন। এতে বৈদেশিক মুদ্রাবাজার আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার ২০ নভেম্বর চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়। গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে বাজারটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান ব্যবস্থায় রূপ নেবে। সভায় বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনা তুলে ধরে টাকার অবমূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৩ রুপিতে। অর্থাৎ রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। আরও পড়ুন,ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনাঅন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে। এতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ। অথচ এই সময়ে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ৭২ দশমিক ১ শতাংশ। গভর্নর আরও বলেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল। ৫১টি ব্যাংকের হাতে চাহিদার তুলনায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থাকার পরও বিনিময় হার কেন বাড়তে থেকেছে, সে প্রশ্নও তোলেন তিনি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার সমন্বয় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন গভর্নর। উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন ও প্রণোদনার মাধ্যমে সহায়তা বাড়ানোর কথাও জানান। তার মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।