দৈনিক সংবাদ দিগন্ত

নাশকতা ঠেকাতে চেকপোস্ট ও সাইবার নজরদারি বাড়াচ্ছে পুলিশ

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। সূত্র বলছে, ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালন করবে তারা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের হিসাব অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা ও আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর ১৯টি স্থানে বিস্ফোরণের তথ্য পেয়েছে ডিএমপি। নাশকতা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্বিচার গ্রেপ্তার না করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুন মুনিরা বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে।আরও পড়ুন,দেশের সার্বিক স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত প্রতিরোধ করার আহ্বান নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি, সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। আগাম তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে তাঁর ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি ও সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে। সরকার ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেআইনি তৎপরতার প্রতিবাদে দল বিক্ষোভ করছে; আইনগত ব্যবস্থা প্রশাসন ও আদালত নেবে। তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান।

নাশকতা ঠেকাতে চেকপোস্ট ও সাইবার নজরদারি বাড়াচ্ছে পুলিশ