দৈনিক সংবাদ দিগন্ত

টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক! তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে এ রিট দায়ের করেন।রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।রিট আবেদনের ভিত্তি হিসেবে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রকাশিত গবেষণা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও এসব কণা পাওয়া গেছে।আরও  পড়ুন, পদ্মা সেতুতে ইটিসির সাফল্য, ১০ কোটি টাকার বেশি টোল আদায়ইএসডিওর গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত টুথপেস্টের নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজিতে পরীক্ষা করা হয়।গবেষণায় সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লোরাইড জেল’-এ, যেখানে প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা শনাক্ত হয়েছে। এছাড়া ‘ক্লোজ আপ রেড হট’, ‘ক্লোজআপ মেন্থল ফ্রেশ’, ‘কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)’, ‘সিগন্যাল গ্রিন টি’, ‘পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট’, ‘হিমালয়া কমপ্লিট কেয়ার’সহ আরও বেশ কয়েকটি টুথপেস্টে বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।অন্যদিকে, ‘প্যারোডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার’, ‘সেনসোডাইন ফ্রেশ জেল’, ‘কোলগেট অ্যাকটিভ সল্ট’, ‘জেনফ্রেশ’সহ মোট আটটি টুথপেস্টে শনাক্তযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।গবেষকদের মতে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে দ্রুত বৈজ্ঞানিক তদন্ত, কার্যকর নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।রিট আবেদনের পর এখন বিষয়টি নিয়ে হাইকোর্টের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক! তদন্ত চেয়ে হাইকোর্টে রিট