দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীলঙ্কায় টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয়: ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহত ৭, বন্ধ সব স্কুল

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ভূমিধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। পরিস্থিতির অবনতির কারণে মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চা উৎপাদনকারী মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় কয়েকদিন ধরে অব্যাহত ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলার বিভিন্ন স্থানে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আরও দুজন।ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে।স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পানিতে ডুবে যাওয়া সড়ক পেরিয়ে সেনা সদস্যরা দুর্গত মানুষদের উদ্ধার করছেন। উদ্ধার তৎপরতায় নৌবাহিনী ও স্থলবাহিনীকে মোতায়েন করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি বলেছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি এলাকার ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

শ্রীলঙ্কায় টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয়: ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহত ৭, বন্ধ সব স্কুল